লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নৌকাবাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঢোল ও করতালের সাথে সাথে নৌকা বাইচে সকল মাঝি মাল্লারা তালে তালে এক সুরে গান গেয়ে ছুটে চলেন। মাল্লাদের কণ্ঠে যখন দরাজ সুর ভেসে আসে, তখন বিশাল নদীবক্ষেই যেন উন্মনা হয়ে ওঠে। তখন জয়-পরাজয় ছাপিয়ে বিনোদিত দর্শকের উল্লাসে মুখর হয় নদীর দু’পাশ। গান গাইছে ভাওইয়া। বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকাবাইচের সময় মাল্লারা সমবেত কণ্ঠে এই ধরণের গান গেয়ে দাঁড় টানেন।
রোববার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সানিয়াজান নদীতে ঐতিহ্যবাহী গ্রামবাংলার হারিয়ে যাওয়া নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে হাতীবান্ধা ও পাট্রগ্রাম উপজেলার ৪ টি নৌকা বাইচ দল অংশগ্রহণ করে।
জানা গেছে, পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মোতাহার হোসেন বাজার সংলগ্ন সানিয়াজান নদীর অংশ বিশেষে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী বাইচ দল, হাতীবান্ধা বাইচ দল, চৌদ্দবাড়ি বাইচ দল ও পাটগ্রাম উপজেলার নাওহটা বাইচ দলের অংশগ্রহন করেন।
খেলা দেখতে আসা ফকিরপাড়া ইউনিয়নের দালাল পাড়া এলাকার বাসিন্দা সালাম মিয়া বলেন, গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলাটি আবার ফিরে এসেছে আমি আনন্দিত ও উচ্ছ্বসিত। প্রতিবারেই ঘটা করে উৎসব মুখর পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হোক এই আশাই করি।
উদ্বোধনী খেলায় প্রথম স্থান অধিকার করে গড্ডিমারী বাইচ দল ও দ্বিতীয় স্থান অধিকার করে চৌদ্দবাড়ি বাইচ দল, তৃতীয় স্থান অধিকার করে নাওহটা বাইচ দল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল জব্বার,বাউরা ইউপির ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহিদুল ইসলাম,বাউরা ইউপির ২ নং ওয়ার্ড সদস্য আব্দুর কাদের, ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য নার্গিস আক্তার, রাশিদুল ইসলাম দয়াল প্রমুখ।