লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুস সাত্তার (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বুড়িরদীঘি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, উপজেলার বুড়িরদীঘি বাজার এলাকায় কৃষক আব্দুস সাত্তারের বাড়ির পাশ দিয়ে বাঁশের খুটি দিয়ে জিআই (নগ্ন তার) তার টেনে বিদ্যুত সংযোগ নেন ওই এলাকার নুর হোসেন। কোনো এক সময় ওই বৈদ্যুতিক তার ছিড়ে মাটিতে পড়ে যায়। সকালে বাড়ির পাশে ফসলের ক্ষেতে যাওয়ার সময় ওই তারে জড়িয়ে আব্দুস সাত্তার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।