পাকিস্তানে তিনবারের ফার্স্ট লেডি কুলসুম নওয়াজকে লাহোরের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। তাকে শেষ দেখা দেখতে স্বামী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও মেয়ে মরিয়ম নওয়াজ প্যারোলে মুক্তি পেয়েছিলেন গতকাল শুক্রবার।
এদিন সকালে একটি উড়োজাহাজে করে কুলসুমের মৃতদেহ লন্ডন থেকে লাহোরে নেয়া হয় বলে দ্য ডনের প্রতিবেদনে জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে কুলসুম নওয়াজের প্রথম জানাজা হয়। শুক্রবার লাহোরের পারিবারিক কবরস্থানে শ্বশুরের কবরের পাশে কুলসুমকে দাফন করা হয়েছে।
কুলসুম নওয়াজ দীর্ঘদিন ধরে গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১১ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় কুলসুম নওয়াজের মৃত্যু হয়।
ডনের প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরে নওয়াজ শরিফের ছোট ভাই হামজা শাহবাজসহ পরিবারের সদস্যরা কুলসুমের মৃতদেহ গ্রহণ করেন।
লাহোরে পৌঁছানোর পর রাজনীতিবিদ থেকে শুরু করে হাজার হাজার মানুষ কুলসুমের জানাযায় অংশ নেন। পরে একটি অ্যাম্বুলেন্সে তা শরিফ পরিবারের বাসভবন ‘জাতি উমরায়’ নেয়া হয়। স্থানীয় সময় বিকাল ৫টায় লাহোরের শরিফ মেডিকেল সিটি প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শ্বশুরের পাশে কুলসুমকে কবর দেয়া হয়।
নওয়াজ-কুলসুম দম্পতির দুই ছেলে হাসান ও হুসাইন মায়ের মৃতদেহের সঙ্গে পাকিস্তানে আসতে পারছেন না বলে লন্ডনে জানাজার আয়োজন করা হয়। এ দম্পতির মেয়ে আসমাও লন্ডনে বসবাস করছেন।
জানাজায় পরিবারের সদস্যরা ছাড়াও শতাধিক মানুষ অংশ নিয়েছেন। উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট মামনুন হোসেন, সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, সাবেক আইনমন্ত্রী রানা সানাউল্লাহসহ বহু সাবেক-বর্তমান রাজনৈতিক নেতা।