অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধান ও বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ থেকে এই মামলা দায়ের করা হয়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এ মামলা দায়ের করেন।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দু’টি করেন সংস্থার সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও উপসহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান।
অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ জ্ঞাত-আয়বহির্ভূত টাকা ও সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় মামলায়। মামলার বাদী দুদকের উপ-পরিচালক গুলশান আরা প্রধান।
আর বিসিবি ডিরেক্টর ইনচার্জ ও মোহামেডান ক্যাসিনো কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক হওয়া লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে ৪ কোটি ৩৪ লাখ টাকা ও সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ মামলার বাদী দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম ।
এর আগে ২৫ সেপ্টেম্বর বিসিবি পরিচালক লোকমান হোসেনকে রাজধানী তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে আটক করে র্যাব। এ সময় তার বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাওয়া গেছে বলে জানায় র্যাব। আর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০ সেপ্টেম্বর ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানকে আটক করে পুলিশ।
দুদক ও পুলিশ সূত্র জানায়, অনলাইন ক্যাসিনো থেকে আয়ের টাকা জাপানসহ বিভিন্ন দেশে পাচারের অভিযোগ রয়েছে সেলিম প্রধানের বিরুদ্ধে। গুলশানে একটি স্পা সেন্টারের মালিকও তিনি। সেখানে অনৈতিক কর্মকাণ্ড চলে বলেও অভিযোগ আছে। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে। সেলিম প্রধান বাংলাদেশে পরিচালিত অনলাইন ক্যাসিনোর কান্ট্রি প্রধান। বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার ক্যাশিয়ারও তিনি।