Thursday, September 3

শপথ নিলেন গণফোরামের নির্বাচিত সংসদ সদস্য সুলতান মনসুর

0

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে নির্বাচিত সুলতান মুহাম্মদ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১১টার পর তাকে শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এ শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

এর আগে গণফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় তার শপথ নেওয়ার কথা। একই সঙ্গে গণফোরামে আরেকজন নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান বৃহস্পতিবার শপথ গ্রহণ করবেন না। মোকাব্বির খান পরে শপথ গ্রহণ করবেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত রোববার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কার্যালয় থেকে গণফোরামের দুই নেতাকে শপথ গ্রহণের আমন্ত্রণ জানিয়ে চিঠি ইস্যু করা হয়।

গত ২ মার্চ গণফোরামের দুইজন নির্বাচিত সংসদ সদস্য ৭ মার্চ তারিখে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের অনুরোধ জানিয়ে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) সুলতান মনসুর মৌলভীবাজার-২ আসন থেকে এবং মোকাব্বির খান সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

মূলত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং গণফোরামকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট গত ৩০ ডিসেম্বর ২০১৮ তারিখে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮টি আসন লাভ করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.