বিএনপির পাঁচ সংসদ সদস্যকে পাঁচটি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে স্থান দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী সংসদ নেতার পরামর্শক্রমে সংবিধানে ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী কমিটি পুনঃগঠন করেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আব্দুস সাত্তার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে স্থান পেয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদের স্থান হয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম ভূমি মন্ত্রণালয়, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ সরকারি হিসাব কমিটির সদস্য হয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ৬ প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হন। এদের মধ্যে ৫ জন নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শপথ নিয়েছেন। গতকাল সোমবার চারজন ও এর আগে গত ২৫ এপ্রিল শপথ নিয়েছিলেন একজন।