Tuesday, July 28

শরীরের তাপমাত্রা বেশি থাকায় হাসপাতালে সাত প্রবাসী

0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কুয়েতমৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে   সাত প্রবাসী বাংলাদেশিকে। তাদের শরীরের তাপমাত্রা বেশি থাকায় সরাসরি হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সংবাদ সম্মেলনে এ কথা জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় সাতজনকে কুয়েতমৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। তারা গতকাল ও আজ ছয়টি পৃথক ফ্লাইটে বাংলাদেশে আসেন। দেশে ফেরার পর তাদের থার্মাল স্ক্যানারে স্ক্রিনিং করা হয়। এতে তাদের শরীরের তাপমাত্রা বেশি ধরা পড়লে সরাসরি কুয়েতমৈত্রী হাসপাতালে পাঠানো হয়। তারা কাতার, দুবাই, ওমান, কুয়েত, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া থেকে এসেছেন।

চীনা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে এক প্রশ্নের জবাবে বিমানবন্দরের পরিচালক বলেন, অন্যান্য যাত্রীদের মতোই চীনা যাত্রীদের স্ক্রিনিং করা হয়। এরপর তারা চিকিৎসকের ব্রিফ নেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের কোয়ারেন্টাইনে অথবা হাসপাতালে পাঠানো হয়।

শাহজালালের পরিচ্ছন্নতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় ট্রলি, সিঁড়ি, বসার জায়গা, প্যাসেজ দিনে দুইবার পরিষ্কার করা হয়।

করোনাভাইরাসের কারণে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউরোপের দুই দেশ থেকে সাতজন দেশে এসেছেন। গত বুধবার (১৮ মার্চ) রাতে তারা সুইডেন ও স্লোভেনিয়া থেকে পৃথক দুই ফ্লাইটে ঢাকায় পৌঁছান। পরে তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ওই সাতজনকে স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে আশকোনার হজক্যাম্পে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘বিশেষ অনুমতি’ নিয়ে এ সাতজন বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। গত ১৬ মার্চও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে দেশে আসেন ইউরোপের ৯৬ যাত্রী।

শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল-আহসান  বলেন, কাতার এয়ারওয়েজ ও টার্কিশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইটে ওই সাতজন দেশে এসেছেন। তাদের তিনজন সুইডেনের এবং চারজন স্লোভেনিয়ার। নিষেধাজ্ঞার কারণে তাদের প্রথমে ঢুকতে না দেয়া হলেও তারা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে বাংলাদেশে পা রাখেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.