Friday, September 25

শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগ ব্যায়াম সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে : স্পিকার

0

শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে যোগ ব্যায়াম সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, সুস্থতার জন্য যোগ ব্যায়াম একটি কার্যকর উপাদান।

সুস্থ সমাজ বিনির্মাণে যোগ ব্যায়াম অনুশীলনের মাধ্যমে জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

আজ বুধবার সকালে আন্তর্জাতিক ইয়োগা দিবস ২০১৭ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান স্পিকার। ভারতীয় হাই কমিশন আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা। অনুষ্ঠানে শিল্পী আঁখি আলমগীর, রোকেয়া প্রাচী ও মেহরীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্পিকার বলেন, “যোগ ব্যায়াম একটি গুরুত্বপূর্ণ  বিষয় যা শারীরিক ও মানসিক বন্ধনকে নিবিড় করে। অবাধ তথ্যপ্রবাহের এ যুগে মানুষের জীবনচলার পথে অনেক রোগ ব্যাধির সম্মুখীন হতে হয়। সেসব রোগ ব্যাধিকে জয় করে সুস্থতার জন্য যোগ ব্যায়াম কার্যকরী ভূমিকা রাখতে পারে। এই ব্যায়াম নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের জীবনে কাঙ্খিত পরিবর্তন আনতে পারি এবং সুস্থ থাকতে পারি। ” তিনি এ কাজে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, বিশ্বের ১৪০টি দেশে আজ আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত হচ্ছে। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা প্রচার ও ভারত বিচিত্রার ইয়োগা বিষয়ক বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এবারের অনুষ্ঠানে সাড়ে তিন হাজার প্রতিনিধি অংশ নেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.