মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল (যশোর) প্রতিনিধি :যশোরের শার্শায় ইতালি থেকে আসা এসএম আব্দুর রশিদ (৫৩) নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়িতে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। ইতালি থেকে আসা আব্দুর রশিদ শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের মেঠপাড়ার মৃত রাহাতুল্লার ছেলে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুপ আলী বলেন, ১৩ মার্চ ইতালি থেকে বিমানযোগে আবুধাবী বিমানবন্দরে অবতরণ করার পর বাংলাদেশ এয়ারলাইনস যোগে শাহজালাল বিমানবন্দরে আসেন। পরে সেখান থেকে পরিবহনে করে নিজ বাড়ি টেংরা গ্রামে আসেন। রবিবার সন্ধ্যায় জামতলা বাজারে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তাকে জানান।
রাতেই তাকে বাইরে ঘোরাফেরা না করার জন্য কঠোর নির্দেশনা দিয়ে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সার্বক্ষনিক তার গতি বিধি লক্ষ্য করার জন্য ২ জন স্বাস্থ্য সহকারীকে সতর্ক রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, ইতালি থেকে ফিরে আশা ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে সার্বক্ষণিক তৎপর রয়েছে।