মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সরকারি নির্দেশ উপেক্ষা করে শার্শা ও বেনাপোলের বিভিন্ন দোকান খোলা রাখায় দোকান মালিককে অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকালে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী।
সেনাবাহিনীর সদস্যদের নিয়ে বেনাপোল বাজার, সাদিপুর রোড, শার্শা বাজার, রামপুর বাজার, জামতলা বাজার, উলাশী এবং নাভারণ বাজার মনিটরিং করেন।
সাদিপুর রোডের মুদি দোকান খোলা রাখায় মামুন শেখকে ১,০০০/(এক হাজার) টাকা এবং চটকাপোতা রোডে সন্ধ্যায় মুদি দোকান খোলা রাখায় আব্দুল হালিমকে ৫০০/-(পাঁচশত)টাকা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সর্বমোট ০২টি মামলায় ১,৫০০/-(এক হাজার পাঁচশত)টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী বলেন, সাংবাদিক আয়ুব হোসেন পক্ষীকে ২৬শে মার্চ থেকে চলমান নির্দেশনা অনুযায়ী ওষুধের দোকান , কাঁচামালের দোকান (দুপুর ১টা) ব্যতীত সব ধরনের দোকান বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ উপেক্ষা করে দোকান খোলা রাখায় দোকান মালিককে মোট একহাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, সামাজিক দূরত্ব এবং নিজ বাসায় অবস্থান নিশ্চিতকরণ বিষয়ে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় পথচারী ও সাধারণ মানুষকে করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে সচেতন করেন ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।