হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সময় ফেটে গেছে ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজ (টিজি ৩২১) বিমানের একটি চাকা। এ ঘটনায় বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ কারণে বিমান ওঠানামা বন্ধ আছে। বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টিজি ৩২১ ফ্লাইটটি আজ মঙ্গলবার ১২টা ৪৫ মিনিটের দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। চাকা ফেটে গেলেও বিমানটির আরোহীরা নিরাপদে আছেন।
দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বিমানটি সরিয়ে নেওয়ার পর রানওয়ে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের এক কর্মকর্তা।
বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, থাই এয়ারওয়েজ (টিজি ৩২১) বিমানটি ব্যাংকক থেকে রওনা হয়। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এটি অবতরণ করে।
‘অবতরণের সময় রানওয়েতে পানি জমে থাকায় বিমানটি রানওয়ের একটু পাশে অবতরণের চেষ্টা করে। ফলে এর একটি চাকা ফেটে যায়।’
মিনহাজ উদ্দিন চৌধুরী নামের একজন জানিয়েছেন, থাই এয়ারওয়েজ এর একটি বিমানের চাকা ফেটে যাওয়ায় এক ঘন্টা ধরে বিমান উঠা নামা বন্ধ রয়েছে। আরও এক থেকে দেড় ঘন্টা লাগবে রানওয়ে বিমান উঠানামার উপযোগী হতে।
বিমানের দুই যাত্রী জানিয়েছেন, বিমানটি ল্যান্ড করার জন্য দুই দুইবার চেষ্টা করেছিল। এসময় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দোয়া পড়তে শুরু করেন। বিমানটির চাকা ফেটে যাওয়ার শব্দ ছিল বিকট।
শেষ খবর পাওয়া পর্যন্ত রানওয়েতে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন বলে জানা গেছে।