Sunday, September 13

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বন্দর নগরী চট্টগ্রাম

0

ছবি- নুরুল আজম

নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়ন চেয়ে সারাদেশের সঙ্গে চট্টগ্রামেও বিক্ষোভ অব্যাহত রেখেছে নগরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।  আজ শনিবার (৪ আগস্ট) সকাল থেকেই নগরের অক্সিজেন, ষোলশহর, ২ নম্বর গেইট, জিইসি এবং ওয়াসা মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

তবে সড়কের যানচলাচল স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন যানবাহন সুশৃঙ্খলভাবে চলতে সহায়তা করছে। তবে যে সব যানবাহন বা চালককের লাইসেন্স নেই সেগুলোকে পুলিশের কাছে নিয়ে যায়।তবে নগরীতে গণপরিবহন কম চলাচল করছে।

পাঁচলাইশ ও পলিটেকনিক স্কুলের শিক্ষার্থীরা নগরের ২ নম্বর গেইটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা রিকশা ও সিএনজি চালিত অটোরিকশাগুলোকে এক লাইনে চলতে বাধ্য করেন। সড়কে বিক্ষোভের কারণে মুরাদপুর থেকে ২ নম্বর গেইট এবং রুবি গেইট থেকে ২ নম্বর গেইট এলাকায় যানজটের সৃষ্টি হয়।

নগরের জিইসি মোড়ে অবস্থান নেয় সিটি কলেজ ও কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা। ২ নম্বর গেইট এবং ওয়াসা মোড়ে বিক্ষোভ চলার কারণে এ এলাকায় আটকে পড়ে সব যানবাহন। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত প্লে-কার্ড, পেস্টুন ও ব্যানার নিয়ে বিক্ষোভ করেন সেখানে।

ছবি- নুরুল আজম

শিক্ষার্থীদের বড় বিক্ষোভ দেখা গেছে, নগরের ওয়াসা মোড়ে। চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুলসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন। এ সময় তারা গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স দেখাসহ নির্দিষ্ট লাইনে যান চলাচলে বাধ্য করেন।

শনিবার সকাল থেকেই নগরীর জিইসি, টাইগারপাস, ওয়াসা, লালখান বাজার, চকবাজার, দিদার মার্কেট, ২নং গেইটসহ বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে অবস্থান নেয় হাজার হাজার শিক্ষার্থী। এসময় তারা নিরাপদ সড়কের দাবীতে বিভিন্ন শ্লোগান দেয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাহ আব্দুর রউফ, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত রয়েছেন।

এদিকে, নগরজুড়ে ছাত্র বিক্ষোভের কারণে নগরের প্রায় সব রুটেই গণপরিবহনের তেমন দেখা মেলেনি। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী।

বিক্ষোভে অংশ নেওয়া চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের এক ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকার আমাদের দাবি মেনে নিয়েছে বললেও এসব দাবি বাস্তবায়নে তেমন অগ্রগতি নেই। আমাদের ৯ দফা দাবির বাস্তবায়ন শুরু করে নিরাপদ সড়ক নিশ্চিত করলে আমরা আন্দোলন প্রত্যাহার করে নেবো। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনেরও হস্তক্ষেপ কামনা করেন এ শিক্ষার্থী।

এদিকে নগরী জুড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরী করেছে আইনশৃঙ্কলা রক্ষাকারী বাহিনী। নগরীর বিভিন্ন সড়কে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সেই সাথে সাদা পোশাকে পুলিশ নজদারী করছে। কোন স্বার্থনেস্বী মহল যেন শিক্ষার্থীদের উস্কানি দিতে না পারে সেই দিকে কড়া নজরদারী করছে সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যরা। নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.