নরসিংদীর শিবপুর উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। মাইক্রোবাসটি বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রী নিয়ে পলাশ উপজেলার দিকে যাচ্ছিল।আজ মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোনাইমুড়ি টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের নরসিংদী ১০০ শষ্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সকাল সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনাইমুড়ি টেক এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হন। আহত হন আরও ছয় জন।
ওসি আরও জানান, মাইক্রোবাসটি বিয়ের পর বরযাত্রী নিয়ে পলাশ উপজেলার দিকে যাচ্ছিল। নিহতদের মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।