‘শাশ্বত সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আবৃত্তি মঞ্চ দুই মাসব্যাপী কর্মশালা শুরু করেছে। রবিবার ( ৩ ফেব্রুয়ারি) দুপুরে চাকসু সেমিনার কক্ষে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উদ্বোধনী ক্লাস শুরু হয় । পরে মঞ্চের সদস্যরা কর্মশালায় অংশ নেওয়া নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয়।
উদ্বোধনী ক্লাসে ‘কবিতার রূপরেখা ও আবৃত্তি পরিচয়’ এ বিষয়ের উপর ক্লাস নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের প্রধান উপদেষ্টা ও চবি দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম আহমেদ।
জানা গেছে, কর্মশালায় উচ্চারণসুত্র, উচ্চারণে আঞ্চলিকতার প্রভাব ও তার প্রতিকার, মঞ্চ-বেতার, টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনার কলাকৌশল, মাইক্রোফোনের ব্যবহার, ছন্দ এবং আবৃত্তি নির্মানের কলাকৌশলসহ আবৃত্তির অন্যান্য বিষয়ে দেশের বিভিন্ন আবৃত্তি শিল্পী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ক্লাস নিবেন।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ ২০০০ সালের ৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তির উপর কর্মশালা পরিচালনা করে আসছে সংগঠনটি। এবারের দ্বাবিংশ আবর্তনে ১৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে।