সরওয়ার কামাল জামান: দীর্ঘ চার বছর সহযোগী মুহতামিম হিসেবে থাকার পর দারুল উলুম হাটহাজারী শুরা সদস্যদের সিদ্ধান্তে নতুনভাবে সহযোগী মুহতামিম নিযুক্ত হয়েছেন আল্লামা শেখ আহমদ সাহেব। সেই সাথে উক্ত পদ থেকে বাদ দেওয়া হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে।
আজ ১৭ জুন, বুধবার, ২০২০ ইংরেজি সকাল ১০ টায় দারুল উলুম হাটহারির মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী’র আহবানে জামেয়ার সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি (শুরা কমিটি)’র গুরুত্বপূর্ণ বৈঠক হয়।
উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন জামেয়া প্রধান, আমীরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী। উপস্থিত ছিলেন শুরা কমিটির সদস্য আল্লামা আবদুল কুদ্দুস, আল্লামা আবুল কাসেম সাহেব, আল্লামা নুরুল আমীন, আল্লামা সোহাইল নোমানী, আল্লামা আবুল হাসান, মাওলানা সালাহউদ্দিন, মাওলানা ওমর ফারুক, আল্লামা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা নোমান ফয়জী ও মাওলানা মাহমুদুল হাসান প্রমূখ।
বৈঠক শেষে মাওলানা নোমান ফয়জী উপস্থিত সকলের সামনে শুরা কমিটির সিদ্ধান্ত ঘোষণা করেন।
তিনি বলেন আল্লামা শাহ আহমদ শফী’র উপস্থিতিতে আল্লামা জুনায়েদ বাবুনগরী শুরা কমিটির সদস্যদের কাছে মুঈনে মুহতামিমের পদ থেকে অব্যাহতি চেয়ে ইস্তফা দিয়েছেন।
শুরা কমিটির সদস্যরা উক্ত ইস্তফার বিষয়টি গ্রহণ করেছেন এবং তাঁর স্থলে জামেয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা শেখ আহমদকে সহযোগী মুহতামিম নির্ধারণ করেছেন। সাথে সাথে মুহতামিম সাহেব হুজুরের অবর্তমানে পরবর্তী শুরা কমিটির বৈঠকের আগ পর্যন্ত জামেয়ার এহতেমামীর (মুহতামিম) দায়িত্ব শেখ আহমদ সাহেব পালন করবেন।
সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠকের পর এ সিদ্ধান্ত ঘোষণা করে শূরা কমিটির অন্যতম সদস্য মাওলানা নোমান ফয়জী।
আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রাইভেট সেক্রেটারি মাওলানা এনামুল হাসান কর্তৃক জানা যায় যে, শূরার বৈঠকে প্রথমে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিমন্ত্রণ জানানো হয়নি। তিনি ইশরাকের নামাজের পর রুমে অবস্থান করছেন। বৈঠকের শেষ দিকে এসে অল্প সময়ের জন্য তাকে ডেকে নেওয়া হয়েছে।