রাজধানীর শেরে বাংলা নগর এলাকার কলেজগেটে এক তরুণীকে গভীর রাতে জোরপূর্বক প্রাইভেট(ঢাকা মেট্রো- গ ২৯৫৪১৪) কারে তুলে ধর্ষণচেষ্টা চালিয়েছে দুই যুবক। ধর্ষণচেষ্টার পরে গণপিটুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এদের মধ্যে রনি হক নামে এক ধনীর দুলালকে ধাওয়া করে আটক করেছে পুলিশ।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তির নাম রনি হক। ঘটনার সময় সে মদ্যপ অবস্থায় ছিল বলে স্বীকার করেছে। তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও নির্যাতনের শিকার মেয়েটির কোনও সন্ধান পাওয়া যায়নি। অভিযুক্ত রনির প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।
জানা গেছে, শনিবার (৯ জুন) রাতে রনি ও তার ড্রাইভার একটি মেয়েকে জোর করে তাদের প্রাইভেট কারে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে গাড়িটি জ্যামে আটকে গেলে পথচারীরা মেয়েটিকে উদ্ধার করে। পরে রনি ও তার ড্রাইভারকে গণপিটুনি দেয়।
তবে রনির ড্রাইভার সে সময় পালিয়ে যায়।
অভিযুক্ত রনি হক দুই সন্তানের জনক। বেসরকারি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের এই সাবেক ছাত্র পেশায় ব্যবসায়ী বলে জানা গেছে।