Monday, September 14

শেষ ষোলোতে সন্ধ্যায় উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

0

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার বেকাসির উইবাওয়া মুক্তি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

এশিয়ান গেমস ফুটবলের এবারের আসরে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হেরে গেলেও থাইল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে টুর্নামেন্টে নিজেদের আশা টিকিয়ে রাখে লাল-সবুজের জার্সিধারীরা।

এরপর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাঁচামরার লড়াইয়ে কাতারের বিপক্ষে ১-০ গোলের অবিস্মরণীয় এক জয় পায় জামাল ভূঁইয়ারা। ওই জয়ের মধ্য দিয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে এশিয়ান গেমসের ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ।

২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারের মতোই র‌্যাংকিংয়ে যোজন যোজন এগিয়ে উত্তর কোরিয়া। বাংলাদেশের ফিফা র‌্যাংকিং যেখানে ১৯৪, সেখানে কাতারের র‌্যাংকিং ৯৮। উত্তর কোরিয়া কাতারের চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও তাদের র‌্যাংকিং ১০৮। অর্থাৎ বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে তারা ৮৬ ধাপ এগিয়ে।

যদিও এই র‌্যাংকিং এখানে কার্যকর নয়, কেননা এশিয়ান গেমসে খেলছে বয়সভিত্তিক অর্থাৎ অনূর্ধ্ব-২৩ দল, যেখানে অলিম্পিক গেমসের মতো বেশি বয়সী সর্বোচ্চ তিনজন খেলোয়াড় খেলার সুযোগ পান। তারপরও কাগজে-কলমে এবং খেলার মানে উত্তর কোরিয়া নিঃসন্দেহে বাংলাদেশের তুলনায় অনেক ভালো দল।

তবে এই বাংলাদেশ দলটিও কিন্তু মাঠের খেলা শেষ হওয়ার আগেই হেরে যেতে রাজি নয়, কাতারের বিপক্ষে সর্বশেষ ম্যাচটিই যার প্রমাণ। আর র‌্যাংকিং নিয়ে চিন্তিত নন কোচ জেমি ডে-ও। বাংলাদেশের ব্রিটিশ এই কোচের ভাষায়, ‘মাঠে ৯০ মিনিটের খেলায়ই একটি ফুটবল ম্যাচের জয়-পরাজয় নির্ধারিত হয়। নির্ধারিত দিনে একটি দলের পারফরম্যান্সের ওপরই তাদের সাফল্য নির্ভর করে। এখানে র‌্যাংকিং কোনো ব্যাপার না।’

উত্তর কোরিয়ার বিপক্ষে ভালো খেলার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী বাংলাদেশের খেলোয়াড়রাও। দলের অধিনায়ক জামাল ভূঁইয়া কথাতেই মিললো তার ছাপ, ‘এই খেলা থেকে ইতিবাচক একটি ফল বের করে আনার জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকুই দেব।’

আগের ম্যাচে কাতারকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলের নকআউট পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশ এখানে থেমে যাবে, নাকি উত্তর কোরিয়াকে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে গড়বে নতুন ইতিহাস— শুক্রবার সন্ধ্যায়ই মিলবে সেই প্রশ্নের উত্তর। তার আগ পর্যন্ত ভালো কিছুর প্রত্যাশায় থাকাই যায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.