Wednesday, September 2

শৈশব থেকেই জাপান নিয়ে মোহ কাজ করত: প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শৈশব থেকেই জাপান নিয়ে আমার মধ্যে মোহ কাজ করত। আমি জাপানি চিত্রকলা, ক্যালেন্ডার, ডাকটিকিট, পুতুল ইত্যাদি সংগ্রহ করতাম। জাপান সবসময়ই আমার হৃদয়ের কাছে।

জাপানে রাষ্ট্রীয় সফর শুরুর আগে মঙ্গলবার দেশটির শীর্ষ গণমাধ্যম দ্য জাপান টাইমসে প্রকাশিত এক নিবন্ধে এভাবেই নিজের অনুভূতির কথা তুলে ধরেন শেখ হাসিনা।

শিশুকাল থেকে জাপানের জন্য নিজের টানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে এটা তার মধ্যে প্রবাহিত হয়েছে।

ওই নিবন্ধে ‘কৃষিভিত্তিক অর্থনীতি থেকে সেবা ও শিল্প খাতনির্ভর প্রবৃদ্ধির পরিক্রমায়’ বাংলাদেশের রূপান্তরের কালে জাপানি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান।

নতুন যুগকে ‘আশা ও ঐকতানের’ যুগ হিসেবে বর্ণনা করে শেখ হাসিনা বলেন, “নতুন এই যুগ আমাদের আরও কাছে টানুক, সম্পর্ক গভীরতর করুক এবং আমাদের শিশুদের জন্য নিরাপদ ও সমৃদ্ধ দেশ গড়তে সহায়তা করুক।”

‘উন্নয়নের জন্য জাপান-বাংলাদেশের অংশীদারিত্ব’ শিরোনামে এই নিবন্ধে তিনি ‘বাংলাদেশকে আরেকটি জাপান হিসেবে গড়তে’ তার বাবার আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন।

জ্বালানি ও খাদ্য নিরাপত্তা এবং মানুষের উন্নততর জীবনমান নিশ্চিত করতে চলমান বৃহৎ অবকাঠামো উন্নয়ন কর্মসূচির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই বিনিয়োগের সবচেয়ে উদার ও উপযোগী পরিবেশের সুযোগ দিচ্ছে।

২৮-৩০ মের টোকিও সফরের জন্য মঙ্গলবার সকালে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটাই জাপানে তার প্রথম সফর। এর আগে ২০১৪ সালে তিনি জাপান সফর করেন। এবার তার সফরের আগে জাপানে নতুন সাম্রাজ্য শুরু হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.