এস এম জহিরুল ইসলাম, গাজীপুর জেলা প্রতিনিধি: ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হচ্ছে সারাদেশে। দিনটিতে সরকারি ছুটি। সরকারি-বেসরকারিসহ সব অফিস-আদালতের কার্যক্রম বন্ধ ছিল। তবে ভিন্নচিত্র ছিল গাজীপুরের শ্রীপুর উপজেলার বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানে।
তার মধ্যে ডিবিএল গ্রুপের‘মাওনা ফ্যাশন লিমিটেড’ এবং সাংঙ্গু গ্রুপের ‘ফারসিং নীটওয়্যার লিমিটেড’ ছিল খোলা। কারখানা দুটিতে ছুটি ঘোষণা করা হয়নি। শ্রমিকেরা বাধ্য হয়ে অন্যসব দিনের মতো কাজে এসেছে। তাদের কপালে ছুটি জুটেনি। তারা অংশ গ্রহণ করতে পারেনি জাতির পিতার শোক দিবসের মিলাদেও।
এ বিষয়ে কথা বলার জন্য ফারসিং নীটওয়্যার লিমিটেড কারখানার ম্যানেজার ইব্রাহিম কে মোবাইল ফোনে কল করা হলে তিনি বলেন, আমাদের অফিসের ছুটির তালিকায় ১৫ আগষ্ট নেই। এজন্য কারখানা ছুটি দেওয়া হয়নি।
ওই গার্মেন্টের গেইটে গেলে নিরাপত্তা প্রহরীরা সাংবাদিক পরিচয় পেয়ে কারখানার ভিতরে প্রবেশ করতে দেয়নি।
নিরাপত্তা প্রহরীরা জানিয়েছেন, উদ্ধর্তন কর্মকতারা সবাই কারখানার বাহিরে অবস্থান করছেন।
শ্রমিকেরা জানান, অন্যসব দিনের মতো ১৫ আগষ্ট বুধবার সকালেও তারা কারখানায় আসতে বাধ্য হয়েছেন। মঙ্গলবার কর্তৃপক্ষ তাদের মৌখিক নির্দেশ দিয়েছেন কারখানায় যথারীতি উপস্থিতির জন্য। উপস্থিত না থাকলে বেতন বোনাস কাটা যাবে। তাই তারা হৃদয়ে শোকের গভীর ক্ষত নিয়ে পেটের দায়ে কাজে আসতে বাধ্য হয়েছেন।
তারা আরো জানাই যে, জাতির পিতা এই দেশ সৃষ্টি করে গেলেন তার শাহাদাত বার্ষিকীতে আমরা জাতির পিতার আত্মার শান্তির জন্য মিলাদ পড়ারও সুযোগ পেলাম না।
নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক অপারেটার জানান, তিনি ৫ বছর ধরে মাওনা ফ্যাশানে কাজ করেন। কিন্তু কোন শোক দিবস এবং অনান্য সরকারি দিনগুলোতে কেউ ছুটি পান না।