ষষ্ঠ ধাপে দেশের ২২ জেলার ৪২ উপজেলার ২১৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ সোমবার সকাল ৮টায় শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ। নির্বাচনি সব এলাকায় ভোটারেরা সকাল সকাল ভোট কেন্দ্রে আসতে শুরু করেছেন।এর মধ্যে ২১৬ ইউপিতে ইভিএমে এবং মাত্র দুটি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।
ইসি সূত্র জানায়, এই নির্বাচনে মোট ভোটার রয়েছে ৪১ লাখ ৮২ হাজার ২৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটর ২১ লাখ ১৪ হাজার ৭২০ জন, নারী ভোটার ২০ লাখ ৬৭ হাজার ৫৩৭ জন এবং ৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। এসব ভোটার ২ হাজার ১৮৬টি কেন্দ্রের ১৩ হাজার ৩০৫টি কক্ষে ভোট প্রদান করবেন।
নির্বাচনে সারাদেশে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ হাজার ৬০৪ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ১ হাজার ১৯৯, সংরক্ষিত আসনে ২ হাজার ৫৫৯ জন এবং সাধারণ সদস্য পদে ৭ হাজার ৮৪৬ জন।
এদিকে ষষ্ঠ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৪৪ জন প্রার্থী নির্বাচিত হয়েছে। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩২ জন এবং সাধারণ সদস্য পদে ১০০ প্রার্থী রয়েছেন।
উল্লেখ্য, চলমান ইউপি নির্বাচনে ইতোমধ্যে পাঁচ ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এক হাজার ইউপিতে এবং চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ৮৩৬ ইউপিতে ভোটগ্রহণ করা হয়। পঞ্চম ধাপে গত ৫ জানুয়ারি ৭০৮ ইউপিতে ভোট হয়েছে। আজ (৩১ জানুয়ারি) ষষ্ঠ ধাপে ২১৮ ইউপিতে ভোটগ্রহণ চলছে। সপ্তম ও শেষ ধাপে ১৩৮ ইউপিতে আগামী ৭ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।