Monday, September 14

সংলাপের ফলাফল সংবাদ সম্মেলনে জানাবেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের

0

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করে জানিয়ে দেবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আজ সোমবার সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে সচিবালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এসব একথা জানান।

তিনি বলেন, “সংলাপ শেষে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন। সম্ভবত ৮ তারিখ বা ৯ তারিখ (নভেম্বর)। কী দাঁড়ালো, এত দলের সাথে ডায়লাগ হচ্ছে, ডায়লগের রেজাল্ট কী, ফলাফলটা কি… সে সম্পর্কে নেত্রী নিজেই প্রেস কনফারেন্সে জানাবেন।”

কাদের বলেন, দল ও জোটের সঙ্গে সংলাপের সার সংক্ষেপ তৈরি করতে তিনজনকে দায়িত্ব দেয়া হয়েছে। আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন।

দ্বিতীয় দফায় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, সংবিধান অনুযায়ী যদি সংসদ ভেঙ্গে দেয়ার প্রস্তাব তারা করে সেটা নিয়েও আলোচনা হবে। তবে, এসব নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্ট আজই (সোমবার ৫ নভেম্বর) নাম পাঠাবে। যেহেতু ছোট পরিসর, তালিকা ওরকমই হবে। সেটা দেখে আমাদেরটা ঠিক হবে। আলোচনার পরিসরও ছোট হবে কিনা তা এখনই বলা সম্ভব না।

কাদের বলেন, নির্বাচনের প্রস্তুতির নামে লোক দেখানো সংলাপ করা হচ্ছে না।‘আওয়ামী লীগ একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়। আওয়ামী লীগ চায়, সব দল এ নির্বাচনে অংশগ্রহণ করুক। জনগণ যেন তাদের নেতৃত্ব খুঁজে নিতে পারে, সেটাই আমাদের টার্গেট।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.