আওয়ামী লীগের সঙ্গে সংলাপে প্রতিনিধিদল চূড়ান্ত করতে মঙ্গলবার বিকাল ৩টায় বৈঠকে বসতে যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের রাজধানীর মতিঝিলের চেম্বারে এ বৈঠক হবে।
রোববার সন্ধ্যায় সংলাপ চেয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।
চিঠিতে বলা হয়, শান্তিপূর্ণ ও সৌহার্দপূর্ণ পরিবেশে সবার অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে একটি অর্থবহ সংলাপের তাগিদ অনুভব করছে এবং সেই লক্ষ্যে আপনার কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছি।
এই চিঠির সঙ্গে ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি ও ১১ দফা লক্ষ্য সংযুক্ত করা হয়।
সংলাপের আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ড. কামাল হোসেনকে পাঠানো এক চিঠিতে সংলাপের এই সময় জানানো হয়েছে।
এই সংলাপে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কারা কারা যাবেন, সে বিষয়টিই চূড়ান্ত করতে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানাচ্ছে সূত্র।