Sunday, September 20

সন্তান কী কারণে ফল খারাপ করলো তা খুঁজে বের করে সমাধান করুন : প্রধানমন্ত্রী

0

এইচএসসি পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ হাতে পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্তান ফল খারাপ করলে বকাঝকা করবেন না। এটা কোনো সমাধান নয়। বরং কী কারণে তার ফল খারাপ হলো তা খুঁজে বের করে সেটার সমাধান করুন।

আজ বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবন গণভবনে ২০১৮ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানেরা। পরে প্রধানমন্ত্রী কম্পিউটারের বার্টন টিপে ডিজিটাল পদ্ধতিতে ফলাফল উন্মোক্ত করেন।

অভিভাবকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষায় ভালো-মন্দ, পাস-ফেল থাকবেই। এটা জীবনের অংশ কিন্তু আপনার সন্তান যেন মাদকাসক্ত না হয়, সেই দিকে খেয়াল রাখবেন। জঙ্গি বা সন্ত্রাসবাদের সঙ্গে জড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।

প্রসঙ্গত গত ২ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তত্ত্বীয় পরীক্ষা চলে গত ১৩ মে পর্যন্ত। আর ১৪ থেকে ২৪ মের মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। এবারই প্রথম ৫৫ দিনে এইচএসসির ফল প্রকাশ করা হলো।

এ বছর মাদ্রাস ও কারিগরি বোর্ডসহ ১০ শিক্ষাবোর্ডে পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী। মোট পাশ করেছে ৮ লাখ ৫১ হাজার ৭০১ জন। যা গত বছরের চেয়ে ৫৭ হাজার ৯০ জন বেশি।

এবার ১০ বোর্ডের পাসের গড় হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। গতবার এই হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ। সেই হিসাবে এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার কমেছে ২ দশমিক ২৭ শতাংশ।

জিপিএ ৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন। গতবার পেয়েছিলেন ৩৭ হাজার ৭২৬ জন। ফলে জিপিএ ৫ কম পেয়েছে ৮ হাজার ৪৬৪ জন।

অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, দেশে আন্তর্জাতিক মানের শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সোনার মানুষ গড়ে তুলতে চাই। যারা সোনার দেশ গড়বেন। শিক্ষা এমনই একটি সম্পদ যে, কেউ তা কেড়ে নিতে পারে না। সম্পদ কেড়ে নিতে পারে। কিন্তু কোনো ছিনতাইকারী শিক্ষাকে কেড়ে নিতে পারে না। শিক্ষা থাকলে যে কেউ নিজের রোজগারের পথ বের করে নিতে পারে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তাদের আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি। যারা ভালো করতে পারোনি তারা ভেঙে পড়বে না। আগামীতে অারও ভালোভাবে পড়াশোনা করে ভালো ফল করবে।

শেখ হাসিনা বলেন, প্রশ্নপত্র ফাঁস শুধু আমাদের দেশে নয়। ডিজিটালের যেমন ভালো দিক আছে তেমনি খারাপ কিছু দিকও আছে। তারপরও আমরা নকলের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। যে কারণে এবার এইচএসসি পরীক্ষা নকলমুক্তভাবে অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, আমাদের ছেলে-মেয়ারা খুব মেধাবী। তাদের এ মেধাকে কাজে লাগিয়ে আমরা বঙ্গবন্ধুর সোনার মানুষ এবং সোনার দেশ গড়ে তুলবো।

জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বাবা সব সময় বলতেন। আমাদের দেশে মাটি ও মানুষ আছে। এইগুলোই আমাদের সম্পদ। এগুলোকে কাজে লাগিয়ে আমাদের দেশের উন্নয়ন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের ছেলেমেয়েরা অনেক বেশী মেধাবী। তাদের সেই মেধাকে কাজে লাগাতে হবে। কারণ বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, আমাদেরকেও সেই সঙ্গে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষা সচিব মো. সোহরাব হোসেন, শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। এরপর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেত্রকোনাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। সেখান থেকে শিক্ষার্থীরাও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীও তাদের সঙ্গে কথা বলেন এবং জানতে চান তারা লেখাপড়া শিখে কী করবে। শিক্ষার্থীরা তাদের অনুভুতি প্রকাশ করে বক্তব্য দেন।

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল সংগ্রহ করতে পারবে।

যেভাবে মুঠোফোনে জানা যাবে ফল
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা মোবাইল ফোনে ফল পেতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে মিলবে ফল।

মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাবেন। পরের এসএমএসে তাঁরা ফল পেয়ে যাবেন।

কারিগরি শিক্ষা বোর্ড ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। পরের এসএমএসে ফল জেনে যাবেন শিক্ষার্থীরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.