প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে তাঁর পাঁচদিনের দ্বিপক্ষীয় সরকারি সফরের বিষয়ে আগামী সোমবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করবেন।
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম বাসসকে বলেন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল চারটার দিকে সংবাদ সম্মেলন শুরু হবে।
শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে পাঁচদিনের দ্বিপক্ষীয় সরকারি সফর শেষে আজ শনিবার দেশে ফিরছেন।
স্থানীয় সময় বেলা ১১টায় প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৭২৩) ঢাকার উদ্দেশে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিমানটির বাংলাদেশ সময় অপরাহ্নের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। প্রধানমন্ত্রী গত ১ জুলাই ৫ দিনের সরকারি সফরে ঢাকা থেকে চীনে পৌঁছেন।