‘রাজনৈতিক দল ও অন্যান্য স্টেকহোল্ডার যারা আছেন তারা যদি সহায়ক ভূমিকা পালন করেন, তাহলে দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচনর সম্ভব বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। নির্দলীয় সরকারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের দাবির মধ্যেই এমন অবস্থানের কথা জানাল সংস্থাটি।
আজ সোমবার ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সুশাসন ও শুদ্ধাচার বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশের জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
টিআইবি প্রধান বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনের ক্ষেত্রে আস্থাহীনতার সংকট রয়েছে।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘ক্ষমতায় থাকাকালীন নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার প্রবণতা লক্ষ্য করা যায়। নির্বাচনে হেরে গেলে ফলাফল মেনে না নেয়ার প্রবণতা রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে।’
তিনি আরো বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতাকে একছত্রভাবে কেন্দ্রীয়করণের প্রবণতা বিদ্যমান। ফলে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা হ্রাস পেয়েছে। দলীয় সরকারের অধীনে একটি নির্বাচনে আস্থাহীনতার সংকট রয়েছে।’