Friday, November 20

সরকার বা বিরোধী দলের ফাঁদে পড়বো না : প্রধান বিচারপতি

0

সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনাকে স্বাগত জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে কেউ যদি গঠনমূলকের বাইরে গিয়ে সমালোচনা করে তাহলে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হবেন, বিচার বিভাগ সরকার বা বিরোধী দল কারো ফাঁদে পড়বেন না বলেও মন্তব্য করেছেন তিনি। 

আজ বৃহস্পতিবার সকালে ষোড়শ সংশোধনীর রায় নিয়ে প্রকাশিত বিভিন্ন সমালোচনামূলক প্রতিবেদন আদালতের নজরে আনার পর তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, আমরা আপিল বিভাগের সাতজন বিচারপতি চিন্তাভাবনা করে এ রায় দিয়েছি।

সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরে বলেন, ‘রায় পূর্বধারণাপ্রসূত এবং বাংলাদেশ এখন বিচারকদের প্রজাতন্ত্রে পরিণত হয়েছে—আইন কমিশনের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।’

এ সময় জয়নুল আবেদিন বলেন, সর্বোচ্চ বিচারালয়কে নিয়ে এভাবে বলা আদালত অবমাননাকর।

প্রধান বিচারপতি বলেন, আমরা শুধু আপনাদের বলবো, আপনারা বিচার বিভাগকে রক্ষা করুন। গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাবো। আপনারা সংযত আচরণ করুন। যা সবার জন্যই মঙ্গল।

তিনি আরও বলেন, এ রায় নিয়ে কোনো পক্ষ বিচার বিভাগে রাজনীতি টেনে আনবেন না।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ এসময় আইন কমিশনের বক্তব্যকে আদালত অবমাননাকর বলে উল্লেখ করেন।

বুধবার বিকালে আইন কমিশনের কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে ষোড়শ সংশোধনীর রায় সম্পর্কে আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, বাংলাদেশ এখন আর জনগণের প্রজাতন্ত্র নয়, বরং এটা বিচারকদের প্রজাতন্ত্রে পরিণত হয়েছে। তিনি মনে করেন, ষোড়শ সংশোধনী নিয়ে দেয়া ওই রায় ছিল পূর্বধারণাপ্রসূত এবং আগে থেকে চিন্তাভাবনার ফসল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.