অবশেষে সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় তদন্তের অগ্রগতির প্রতিবেদন জমা দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আলোচিত এই হত্যাকাণ্ডের আট বছরেরও বেশি সময় পর দেয়া প্রতিবেদনে র্যাব জানিয়েছে, দুজন অপরিচিত পুরুষের সম্পৃক্ততা রয়েছে এই হত্যাকাণ্ডে। তবে তাদের পরিচয় সম্পর্কে কিছু জানাতে পারেনি সংস্থাটি। আদালতে হলফনামা আকারে দাখিলের জন্য আজ সোমবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে র্যাবের পক্ষ থেকে এ প্রতিবেদন জমা দেওয়া হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম সাংবাদিকদের বলেন, সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি সংক্রান্ত একটি প্রতিবেদন হলফনামা আকারে হাইকোর্টের বেঞ্চে দাখিলের জন্য দেওয়া হয়েছে।
প্রতিবেদনটি হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য রয়েছে বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় দুজন অপরিচিত পুরুষ জড়িত ছিল। সাগরের হাতে বাঁধা চাদর এবং রুনির টি-শার্টে ওই দুই পুরুষের ডিএনএ’র প্রমাণ মিলেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করে র্যাব।
এর আগে গত বছরের ১৪ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তাকে আগামী ৪ মার্চ বা তার আগে এ মামলার তদন্তের সবশেষ অবস্থা এবং অপরাধের সঙ্গে তানভীরের সম্পৃক্ততার বিষয়ে একটি প্রতিবেদন হলফনামাসহ দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।