
কিকিউ মারমা, বান্দরবান : জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা সংসদে দাঁড়িয়ে উগ্র সাম্প্রদায়িক ও সম্প্রীতি বিনষ্টকারী ও সংবিধান পরিপন্থী বক্তব্য দিয়েছেন। যার কারণে সাংসদের পদত্যাগের দাবি করছেন বান্দরবানের পার্বত্যবাসী নামে একটি সংগঠন।
রোববার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে সাংসদের পদত্যাগের দাবিতে এরইমধ্যে মানববন্ধন করেছে সংগঠনটি। এসময় অর্ধশতাধিক বিভিন্ন বয়সের নারী-পুরুষ নানা রং এর ফেস্টুন প্লেকার্ড নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন ।
মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য নাগরিক পরিষদের আহবায়ক মোঃ আতিকুর রহমান, বাঙ্গালী ছাত্র পরিষদের বান্দরবান জেলা আহবায়ক ফরহাদুল ইসলাম জুয়েল, সাধারন সম্পাদক মোঃ শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাফায়েত হোসেন ।
মানববন্ধনের বক্তরা বলেন, বাসন্তী চাকমা সংবিধান ও রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে পাহাড়ের সম্প্রীতি নষ্ট করতে চাইছেন। পাহাড়ের জনগণ তাকে ক্ষমা করবে না।
এ সময় শান্তি বিনষ্টকারী বাসন্তী চাকমাকে পাহাড়ের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত তাকে অবাঞ্চিত ঘোষণা করার দাবি জানান বক্তারা।