জ্যামাইকা টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১২৯ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এটিই বাংলাদেশের বিপক্ষে ক্যারিবিয়ানদের সর্বনিম্ন স্কোর।
দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশেকে লড়াইয়ে ফেরার সুযোগ করে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার এবং দলীয় অধিনায়ক সাকিব আল হাসান। মাত্র ৩৩ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। যা দেশের বাইরে বাংলাদেশের সেরা বোলিং রেকর্ড।
তবে প্রথম ইনিংসের ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ২০৫ রানের লিড নিয়েছিল। এ ইনিংসের ১২৯ মিলিয়ে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৩৩৫ রান।
আগের দিন শেষ বিকেলে দারুণ ডেলিভারিতে ক্রেইগ ব্র্যাথওয়েটকে বোল্ড করেছিলেন সাকিব। এ দিন সকালও শুরু করেন যেন সেখান থেকেই। ইনিংসের প্রথম চারটি উইকেটই নেন সাকিব।
সাকিবের উইকেট শিকারে যোগ দেন তাইজুল ইসলামও। দারুণ ডেলিভারিতে এলবিডব্লিউ করেন শেই হোপকে। প্রথম ইনিংসে দুর্দান্ত খেলা শিমরন হেটমায়ারকে ১৮ রানে থামান পেসার আবু জায়েদ।
৬ উইকেটে ১০৮ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ লাঞ্চে গিয়েছিল। বিরতির পর মূল বাধা হয়ে থাকা রোস্টন চেইসকে বোল্ড করেছেন মিরাজ। তার বলেই স্টাম্পড হয়েছেন জেসন হোল্ডারও।
এরপর শেষ দুটি উইকেট এক ওভারেই নিয়েছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজ শেষ ৪ উইকেট হারিয়েছে মাত্র ৭ রানের মধ্যে।৩৩ রানে ৬ উইকেট নিয়ে সাকিব পেছনে ফেলেছেন রবিউল ইসলামকে। ২০১৩ সালে জিম্বাবুয়েতে রবিউলের ৭১ রানে ৬ উইকেট ছিল দেশের বাইরে বাংলাদেশের সেরা বোলিং।এই উইকেটে রেকর্ড বইয়ের নাম লিখিয়েছেন সোহানও। বাংলাদেশের প্রথম উইকেট কিপার হিসেবে এক ইনিংসে করেছেন তিনটি স্টাম্পিং।