Tuesday, July 28

সাকিবের হয়ে সমালোচনার জবাব দিলেন শিশির

0

কিছুদিন ধরে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে কোনো এক অনুষ্ঠানে সপরিবারে টেবিলে বসে খাচ্ছেন সাকিব আল হাসান।

তাদের পেছনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। দাঁড়িয়ে থাকা মেয়েটিকে কাজের মেয়ে ভেবে ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। নিন্দুকেরা মন্তব্য করা শুরু করেন কাজের মেয়ে বলে তাকে এক টেবিলে সঙ্গে বসে খেতে দেওয়া হচ্ছে না। এ বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি সাকিব। তবে সাকিবরে হয়ে জবাবটা দিয়েছেন তারই স্ত্রী উম্মে আহমেদ শিশির। প্রমাণ হিসেবে কিছু ছবি প্রকাশের পাশাপাশি স্ট্যাটাসে নিন্দুকদের কড়া সমালোচনা করেন তিনি।

রবিবার নিজের ফেসবুকে পেজে ইংরেজিতে লিখেছেন শিশির। যার বাংলা করলে দাঁড়ায়, “এটা অদ্ভুত! সাকিবের জন্য কি কোনো ‘ভালো’ শব্দ নেই! কেন? কারণ তিনি মিষ্টি ভাষায় কথা বলেন… এজন্যই তাকে ‘খারাপ ব্যক্তি’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে!

এখন ঘটনা হলো, আপনারা যদি মানুষ হয়েও তাঁর সম্পর্কে এভাবে ‘উদ্ভট’ খবর ছড়াতে থাকেন, তাদের উদ্দেশ্যে নিচে কিছু প্রমাণও দিলাম। আমি এসব ভিত্তিহীন খবর নিয়ে মাথা ঘামাই না। এগুলো মানুষকে আনন্দ দেয়। আমরা জানি আমরা কে, আমরা কী!

কিন্তু দয়া করে এমন একজনকে নিয়ে এসব খবর ছড়াবেন না, যে কিনা বিশ্ব মঞ্চে আপনার দেশের প্রতিনিধিত্ব করছে এবং আপনার দেশের গর্ব হিসেবে পরিচিত। এটা লজ্জার, যখন ক্রিকেট ফলো করে এমন কোনো বিদেশি আমাদের বলে, ‘তোমাদের নিজ দেশের মানুষই তো তোমাদের প্রতি প্রাপ্য সম্মানটুকু দেয় না। ’ নেতিবাচক খবর যথেষ্ট হয়েছে। দয়া করে এবার আপনার পেজকে বুস্ট করানোর মতো অন্য কিছু খোঁজ করুন। যাই হোক, যাকে এই নিয়ে এতো কথা সেই মেয়েটি আমাদের সঙ্গে খেতে বসার জন্য হাত ধুয়ে ফিরেছিল মাত্র। ”

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.