ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাকিব আল-হাসান ভুল করলেও বুঝতে পেরেছে। তিনি আর বলেন, এ বিষয়ে আমাদের আসলে বেশিকিছু করার নেই। আইসিসি ব্যবস্থা নিলে সরকারের খুব বেশি কিছু করার থাকে না।
মঙ্গলবার বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জুয়াড়িরা সাধারণত খেলোয়াড়দের সঙ্গে এমনটা করে। ওটা সে গুরুত্ব দেয়নি। তার উচিত ছিল আইসিসিকে জানানো। সে একটা ভুল করেছে।’ সাকিবের উচিত ছিল বিষয়টি আইসিসিকে জানানো। যখন তাকে প্রস্তাব দিয়েছিল তখন সাকিব গুরুত্ব দেয়নি। সাকিব ভুল করেছে। বিসিবি সব সময় সাকিবের সঙ্গে আছে। সব ধরনের সহযোগিতা তাকে দেওয়া হবে।
ক্রিকেট খেলোয়াড়দের ধর্মঘটের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্লেয়াররা হঠাৎ ধর্মঘট ডাকলো। তারা তাদের দাবি বিসিবিকে জানাতে পারতো। সেটা তারা করেনি। যাই হোক, পরবর্তীতে বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে। সেটা এখন মিটমাট হয়ে গেছে। আমরা যেভাবে খেলোয়াড়দের সাপোর্ট দেই। এটা হয়তো অন্য কোনো দেশ করে না।’
উল্লেখ্য, দুই বছর আগে জুয়াড়িদের কাছে থেকে প্রস্তাব পেয়ে তা প্রত্যাখ্যান করেন সাকিব। কিন্তু তথ্য গোপন করে জানাননি আইসিসি কিংবা বিসিবিকে। যে কারণে এখন ১৮ মাসের নিষেধাজ্ঞার সামনে সাকিব।