গত পঞ্চায়েত নির্বাচনে সাগর ঘোষকে গুলি করে খুন করার মামলা দায়ের হয়েছিল৷ পাঁচ বছর পর পরবর্তী পঞ্চায়েত নির্বাচনের সময় নিষ্পত্তি হতে চলেছে সেই মামলা৷ আজ বৃহস্পতিবার সাগর ঘোষ হত্যা মামলায় চূড়ান্ত রায় ঘোষণার দিন ছিল৷ সেই রায়ে সাগর ঘোষ হত্যা মামলার দুজন মূল অভিযুক্তকে মোট তিনটি ধারায় দোষী ঘোষণা করল সিউড়ি জেলা আদালত৷
গত পঞ্চায়েত নির্বাচনে সাগর ঘোষকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছিল৷ যে ঘটনায় অভিযুক্ত ছিল মোট ৮ জন৷ তাদের মধ্যে ৬ জনকে বেকসুর খালাস করা হলেও বাকি দুজনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত৷ সেই দুজন মূল অভিযুক্তের নাম সুব্রত রায় ওরফে শুভ ও ভগীরথ ঘোষ ওরফে ভগী৷ আজকের রায়ে জেল হেফাজতে থাকা সুব্রত রায় ও ভগীরথ ঘোষকে ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় দোষী সাব্যস্ত করেন জেলা জজ পার্থ সারথী সেন৷
সাগর ঘোষকে প্রাথমিকভাবে গুলি করে খুন করা হয়েছে অভিযোগ করা হয়েছিল৷ কিন্তু, মামলা চলাকালীন তাকে গুলি করে হত্যা করার যথোপযুক্ত প্রমাণ পায়নি আদালত৷ এমনকী ময়নাতদন্তের পর মৃতের শরীর থেকে মেলেনি কোনও গুলি৷ গত মাসেই জেলা আদালত সিদ্ধান্ত নেয় যে আগামি ২৬ এপ্রিল এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা হবে৷ সেইমতো আজ ৮ জন অভিযুক্তকে আদালতে তোলা হলে উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে জামিনে থাকা ৬ জনকে বেকসুর খালাসের নির্দেশ দেয় আদালত৷
জেল হেফাজতে থাকা সুব্রত রায় ও ভগীরথ ঘোষকে ৩০২ ধারা (সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন), ২৭ অস্ত্র আইন (সর্বোচ্চ সাজা সাত বছর) এবং ৪৪৮ ধারায় (সর্বোচ্চ সাজা এক বছর) দোষী সাব্যস্ত করে আদালত৷ দোষীদের এই তিনটি ধারার সর্বোচ্চ সাজা দেওয়া হল বলে ঘোষণা করেন জেলা জজ পার্থ সারথী সেন৷ শুক্রবার সকাল ৯ টায় ফের দোষীদের আদালতে তোলা হবে৷ রায় নিয়ে দোষীদের বক্তব্য শুনে তখনই এই মামলার চূড়ান্ত রায় দেবেন তিনি৷ সূত্র : কলকাতা টুইন্টিফোর