পর্যটকবাহী দুইটি গাড়িতে গুলি বর্ষণ ও ভাঙচুরের খবর পাওয়া গেছে। সোমবার (১৮ ডিসেম্বর)রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দুপুরে এই ঘটনা ঘটে । পর্যটকবাহী গাড়িতে দুর্বৃত্তদের গুলি বর্ষণের খবর পাওয়া গেলেও কেউ হতাহত হয়নি।
জেলা পুলিশও ঘটনা এবং ঘটনাস্থল সম্পর্কে বিস্তারিত কিছুই জানাতে পারেনি।
রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ জানায়, খাগড়াছড়িতে একটি হত্যাকাণ্ড কেন্দ্র করে জেলায় সড়ক অবরোধ চলছে। এরমধ্যে আজকে সাজেকগামী পর্যটকবাহী গাড়িতে গুলিবর্ষণের খবর পেয়েছি। তবে কেউ হতাহত হয়নি। ওই গাড়ির পর্যটকরা নিরাপদে সাজেকে পৌঁছেছেন। সাজেকের পথেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তবে কয়টি গাড়িতে গুলিবর্ষণ করা হয়েছে এবং ঘটনাস্থল সম্পর্কে নিশ্চিত জানাতে পারেননি এসপি। তিনি জানায়, ঘটনাস্থলে না যাওয়া পর্যন্ত এইসব বিষয়ে নিশ্চিত বলা যাচ্ছে না।
এ প্রসঙ্গে জানতে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান খানের অফিসিয়াল নম্বরে কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি। থানার ডিউটি অফিসারের নম্বরটিও বন্ধ পাওয়া গেছে।
প্রসঙ্গত, ১১ ডিসেম্বর রাতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নে ইউপিডিএফের চার নেতাকর্মীকে হত্যার প্রতিবাদে আজ সোমবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা অবরোধ চলছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার জানায়, সাজেকের শুকনাছড়া এলাকায় পর্যটকবাহী গাড়িতে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে। এতে কোনো পর্যটক আহত হননি, সকলে অক্ষত আছেন।