ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে ৪ কেজি ৬৭০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার(২২ নভেম্বর) সকালে বিজিবির একটি টহল দল এসব স্বর্ণ জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবির একটি দল সীমান্তে টহলে ছিল। এ সময় সড়কে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি তাদের সামনে এসে পড়ে। বিজিবিকে দেখে তারা মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটিতে একটি পলিথিনে মোড়ানো স্বর্ণের ৩১টি বার পাওয়া যায়।
ভরি হিসাবে এ স্বর্ণের ওজন ৪০০ ভরি এবং বর্তমান বাজারমূল্য মূল্য দুই কোটি আশি লাখ টাকা। তবে স্বর্ণপাচারকারীদের গ্রেফতার করতে পারেনি বিজিবি। পরে ওই স্বর্ণ নিয়ে যাওয়া হয় সাতক্ষীরায় বিজিবির ৩৩ ব্যাটালিয়ন সদর দফতরে।
বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, চোরাচালানিদের ফেলে যাওয়া মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।