হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযানে চালিয়ে ১৩ রাউন্ড রকেট প্রোপেলড গ্রেনেড (আরপিজি) গোলা এবং কিছু বিস্ফোরক সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। র্যাব ও সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন অভিযান চালিয়ে এসব আরপিজি ও বিস্ফোরক উদ্ধার করে।
শনিবার যৌথ অভিযানে ১৩ আরপিজিসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের খবর জানিয়েছে র্যাব-৭ সূত্র। গত রাত ২টা থেকে শুরু হয়ে শনিবার বেলা ১২টায় শেষ হয় অভিযান।
র্যাব ৭-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এক বার্তায় র্যাব জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এবং র্যাবের একটি চৌকষ আভিযানিক দল হবিগঞ্জের সাতছড়ি রিজার্ভ ফরেস্ট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৩ রাউন্ড আরপিজি গোলা এবং কিছু বিস্ফোরক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।