কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সাত দফা দাবিতে বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম বরাবরে স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপির ও অঙ্গসংগঠন।
পূর্বঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টায় জেলা বিএনপি সভাপতি মিসেস মাম্যাচিং ও সাধারন সম্পাদক জাবেদ রেজার নেতৃত্বে এ স্মারকলিপি জমা দেয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন তুষার, সাংগঠনিক সম্পাদক মং শৈ ম্রাই,বিএনপির নেতা চনুমং মারমা সহ পৌর বিএনপি, উপজেলা বিএনপি, জেলা যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল সহ সংগঠনের নেতৃবৃন্দ।
সাত দফা দাবির মধ্যে রয়েছে –
১. বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার৷
২. জাতীয় সংসদ বাতিল করা৷
৩. সরকারের পদত্যাগ ও সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা৷
৪. সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি ভোটকেন্দ্র ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সশস্ত্র বাহিনী নিয়োগ নিশ্চিত করা৷
৫. নির্বাচনে ইভিএম ব্যবহার না করার বিধান নিশ্চিত করা৷
৬. নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করা এবং সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে তাদের ওপর কোনো ধরনের বিধি-নিষেধ আরোপ না করা৷ যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে৷
৭. (ক) দেশের সব বিরোধী রাজনৈতিক নেতাকর্মীর মুক্তি, সাজা বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার৷
(খ) নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনী ফল চূড়ান্তভাবে প্রকাশিত না হওয়া পর্যন্ত চলমান সব রাজনৈতিক মামলা স্থগিত রাখা ও নতুন কোনও মামলা না দেওয়ার নিশ্চয়তা৷
(গ) পুরনো মামলায় কাউকে গ্রেপ্তার না করার নিশ্চয়তা৷
(ঘ) কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সাংবাদিকদের আন্দোলন এবং সামাজিক গণমাধ্যমে স্বাধীন মতপ্রকাশের অভিযোগে ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ সবার বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তির নিশ্চয়তা৷