সাদার্ন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং(ইইই)বিভাগের উদ্যোগে ”আর্টিকেল প্রিপারেশন এন্ড সাবমিশন : এ গাইডলাইন ফর ইঞ্জিনিয়ার্স বিষয়ক সেমিনার সম্প্রতি বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার জিয়ামেন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আরিফ সোবহান ভূইঁয়া । সেমিনারে আরও উপস্থিত ছিলেন ইইই বিভাগের উপদেষ্টা অধ্যাপক আহমদ হোসাইন, বিভাগীয় প্রধান রুবানা হক চৌধুরী, ইসিই বিভাগের প্রধান ঋষি রক্ষিত ও বিভাগের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।
সেমিনারে প্রধান আলোচক ড. মোহাম্মদ আরিফ সোবহান ভূইঁয়া বর্তমান সময়ে গবেষণামূলক প্রবন্ধ প্রস্তুতি এবং বিশ্বের বিভিন্ন বিখ্যাত প্রকাশনায় কিভাবে প্রবন্ধ উপস্থাপন করতে হয় এসব বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা প্রদান করেন । তিনি বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে গবেষণার উপর গুরুত্ব দিতে হবে। গবেষণামূলক প্রবন্ধ লিখতে দিক নির্দেশনা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ প্রথম প্রথম অনেকের বিভিন্ন বিষয়ে ধারণা থাকে না। তাই সুনির্দিষ্ট গাইড লাইন জানা থাকলে গবেষণা কাজ অনেকটা সহজ হয়ে যায়। বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের উচিৎ মৌলিক গবেষণায় মনযোগ দেওয়া কারণ নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনে পৃথিবীকে এগিয়ে নিতে হবে। আশা করি এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের গবেষণায় অনুপ্রেরণা যোগাবে এবং গবেষণামূলক প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশের ক্ষেত্রে উৎসাহিত করবে।