চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের বাড়িতে গিয়ে তার সহযোগিতা চেয়েছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী।
গতকাল শনিবার সকালে নগরীর উত্তর কাট্টলীতে মনজুরের বাড়িতে যান রেজাউল। এ সময় মনজুরের ভাতিজা আওয়ামী লীগের সংসদ সদস্য দিদারুল আলম উপস্থিত ছিলেন। রেজাউলের সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, স্থানীয় কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জুসহ কয়েকজন নেতা। ওই সাক্ষাতে থাকা এক নেতা বলেন, মনজুরের বাসায় প্রায় ২০ মিনিট আলাপ হয়। তখন মনজুরের হাত ধরে সহযোগিতা চান রেজাউল। জবাবে মনজুর রেজাউলের জন্য প্রচারে নামার আশ্বাস দেন।
মনজুর আলম পরে সাংবাদিকদের বলেন, আমি দুবার মেয়র নির্বাচনে অংশ নিয়েছি। রেজাউল করিম আমার অভিজ্ঞতা কাজে লাগাতে চান। আমিও বলেছি, সব ধরনের সহযোগিতা করব। তিনি বলেন, রেজাউল করিম একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি যেন নির্বাচনে জিতে আসেন এবং সুন্দরভাবে করপোরেশন পরিচালনা করতে পারেন, সে প্রত্যাশা থাকল।
নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন বলেন, রেজাউল করিম কাট্টলী এলাকায় মাওলানা মঈনুদ্দীন শাহ (র) মাজার জিয়ারতের পর একটি মন্দির পরিদর্শন করেন। এর পর মনজুর আলমের বাড়িতে যান। তিনি যেহেতু মেয়র ছিলেন, তার সহযোগিতাও আমাদের লাগবে। সে জন্যই যাওয়া।