Saturday, August 15

সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার ১৫ বছর আজ

0

সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার ১৫ বছর আজ। ১৫ বছরেও শেষ হয়নি জেএমবির বোমা হামলা মামলার বিচার। এখনও নিষ্পত্তি হয়নি ৫৯টি মামলা। নব্য জেএমবি নামে সক্রিয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক প্রভাবের পাশাপাশি দেশীয় রাজনীতির কারণেও উত্থান হয়েছে জঙ্গিবাদের। এখন পুরোপুরি নির্মূল না হলেও এ সমস্যা সহনীয় পর্যায়ে রয়েছে বলে মত তাদের।

জঙ্গি সংগঠন জেমবির জন্ম ১৯৯৮ সালে, শায়খ আব্দুর রহমানের হাতে। পরে ২০০৫ সালের ১৭ আগস্ট ৬৩ জেলায় একযোগে বোমা হামলার মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করে তারা। তবে এর ৬ মাসের মধ্যে, গ্রেপ্তার হন শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বা বাংলা ভাইসহ সংগঠনটির প্রায় সব শীর্ষ নেতা। বিচার শেষে ২০০৭ সালে ফাঁসি কার্যকর হয় শায়খ-সিদ্দিকুলসহ ছয় জঙ্গির।

১৭ আগস্টের ওই হামলার পর সারাদেশে মামলা হয় ১৬১টি। আসামি ৬৬০ জন। এর মধ্যে রায় হয়েছে ১০২ মামলার, নানা মেয়াদে সাজা ২৪৭ আর মৃত্যুদণ্ড হয়েছে ১৫ জনের। পলাতক ৫০ আসামি। এখনও বিচারাধীন ৫৯টি মামলা।

বিশেষজ্ঞরা বলছেন, নানা সময়ে রাজনৈতিক কারণেও মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গিবাদ। তবে পুরোপুরি নির্মূল না হলেও, একে সহনীয় পর্যায়ে আনতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে সেই বোমা হামলায় রাজধানী ঢাকায় হয় ১৭টি মামলা। এর মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে ৯টির। ২ মামলার রায় হলেও, ৬টি মামলা এখনও বিচারাধীন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, সময়মতো সাক্ষী হাজির না হওয়া, মামলা নিষ্পত্তিতে বড় বাধা।

অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর নেয়া পদক্ষেপে জঙ্গিরা শক্তি অর্জনে বারবার ব্যর্থ হয়েছে। তবে এ সংকটের সায়ী সমাধানে সামাজিক প্রতিরোধের পাশাপাশি, দেশের রাজনৈতিক ও মানবিক ইতিহাসের পাঠও বাড়াতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.