সারা দেশে বজ্রাঘাতে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে ৩, রাজশাহীতে ৩, জামালপুরে ২, পাবনায় ১, মৌলভীবাজারে ১, সুনামগঞ্জে ১, রাজবাড়ীতে ১ ও হবিগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল থেকে দুপুর ২টার মধ্যে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বজ্রাঘাতে হাসেম মোল্লা (১৭) ও রফিকুল ইসলাম (৩৩) নামে ২ জন এবং সোনারগাঁওয়ে একজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ভোলাব বন্দের বাড়িতে এ ঘটনা ঘটে।
রাজশাহী: রাজশাহীতে বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বজ্রাঘাতে মো. মতিন শেখ (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা ঝাউডাঙ্গি গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ তেলকুমার হাওরে বজ্রাঘাতে শামসুল হক (৪০) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলায় বজ্রাঘাতে অজ্ঞাতপরিচয় (৩৩) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার পাকশী ইউনিয়নের হঠাৎপাড়ার পল্টুনঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে তমিজ উদ্দিন (৩৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। দুপুর ১টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
জামালপুর: জামালপুরে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু হয়েছে এবং ১জন আহত হয়েছেন। নিহত হয়েছেন ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের বকুল মিয়া এবং ধান কাটার সময় সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের শ্যামপাড়া গ্রামে আলিফ উদ্দিনের ছেলে কৃষক হাবিবুর রহমান বজ্রাঘাতে গুরুতর আহত হন। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আহত আব্দুর রাজ্জাক জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সুনামগঞ্জে আরও একজন বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। তবে তাদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।