সিরাজগঞ্জে সয়দাবাদ এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে চারজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন যাত্রী। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত পৌনে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে ফেঞ্চিগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বলেন, ঢাকা থেকে গাইবান্ধাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রী বাসের ফেঞ্চিগেট এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুইটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিন বাসযাত্রী। আহত হন অন্তত ১৯ জন। এদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে মারা যান আরও একজন। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।