Monday, September 7

সিলেট পৌঁছেছেন ঐক্যফ্রন্টের নেতারা

0

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম নিহত হওয়ার ঘটনা খতিয়ে দেখতে ও তার স্বজনদের সান্ত্বনা দিতে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সিলেটে পৌঁছেছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তারা। এ সময় বিমানবন্দরে দলীয় নেতারা স্বাগত জানান কেন্দ্রীয় নেতাদের।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সফরকারী টিমে রয়েছেন- গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রমুখ।

জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা প্রথমে হজরত শাহজালালের মাজার জিয়ারত করবেন। পরে দুপুরে ভোটের দিন নিহত বালাগঞ্জ উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন নেতারা। রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তাদের।

বিষয়টি নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্টের সিলেটের মুখপাত্র ও জেলা বিএনপির সভাপতি কাহের চৌধুরী শামীম। তিনি বলেন, ৩০ জানুয়ারি ভোটের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ওই দিন সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলকে হত্যা করা হয়েছে। নিহতের স্বজনদের সান্ত্বনা দিতে ও বিষয়টি খতিয়ে দেখতে নেতাদের এ সফর।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.