চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের প্রার্থীর গণসংযোগে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে তিনজন। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সীতাকুণ্ডের মাদাম দীঘির বিরিহাটে এ ঘটনা ঘটে।
উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. ইউসুফ বলেন, বিএনপির লোকজনরা এ হামলা চালিয়েছে। তাদের পেট্রলবোমা হামলায় তিনজন দগ্ধ হয়েছেন। এসময় লাঠির আঘাতে আরও একজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, চট্টগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলমের প্রচারের মধ্যে হামলার এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সীতাকুণ্ডের ঘটনায় আহত চারজনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজন দগ্ধ। অন্যজন শরীরে আঘাত পেয়েছেন।
চট্টগ্রাম-৪ আসনের বর্তমান সংসদ সদস্য বলেন, দুপুরে তিনি যখন সমর্থকদের নিয়ে প্রচার চালাচ্ছিলেন, তখনই তার কর্মীদের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। আমার বিপক্ষের প্রার্থীর লোকজন এ হামলা চালিয়েছে।