Thursday, August 20

সীমান্তে বিএসএফ’র রাবার বুলেটে বিজিবি সদস্যসহ আহত ৩

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ছোঁড়া রাবার বুলেটে বুড়িমারী স্থলবন্দর বিজিবি ক্যাম্পের এক সদস্যসহ স্থানীয় দুই বাংলাদেশি আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে বুড়িমারী-চ্যাংড়াবান্ধা স্থলবন্দর জিরো পয়েন্ট সীমান্তে এই ঘটনা ঘটে।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার ওমর ফারুক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলার বুড়িমারী-চ্যাংড়াবান্ধা সীমান্ত পথে অজ্ঞাত পরিচয়ের এক ভারতীয় নাগরিককে পুশইন করার ঘটনায় বিজিবি ও স্থানীয় জনতা বাধা দিলে ভারতীয় বিএসএফ’র ছোঁড়া এলোপাথাড়ি রাবার বুলেট ছোঁড়ে। এতে বিজিবির এক সদস্যসহ ৩ বাংলাদেশি আহত হন।

আহত দুই বাংলাদেশি হলেন- বুড়িমারী ইউনিয়নের তাঁতীপাড়া এলাকার বোক্তার উদ্দিনের ছেলে আব্দুল আজিজ পেট্টু (৫০) ও একই এলাকার মতিবর রহমানের ছেলে আইনুল হক (৪০)। আহত বিজিবির সদস্য খোকন হোসেন।

আহতদের মধ্যে বিজিবি সদস্য খোকন ও আইনুল প্রাথমিক চিকিৎসা নিলেও আব্দুল আজিজ পেট্টুর ডানহাতে অস্ত্রপচার করে রাবার বুলেটের স্পিলিন্ডার অপসারণ করা হয়েছে।

আহত আব্দুল আজিজ পেট্টু মুঠোফোনে বলেন, হঠাৎ সাড়ে ৫টার দিকে ভারতীয় চ্যাংড়াবান্ধা বিএসএফ ক্যাম্পের সদস্যরা একজন ভারতীয় নাগরিককে পুশইন করে। এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানায়। আমরাও বিজিবির সাথে উপস্থিত ছিলাম। কিন্তু বিএসএফ কোমো কারণ ছাড়াই এলোপাথাড়ি রাবার বুলেট নিক্ষেপ করতে থাকে। এতে আমার ডানহাতসহ শরীরে লাগে। আমি ডাক্তারের নিকট থেকে স্প্লিন্টার অপসারণ করেছি। এখন সুস্থ আছি।

আইনুল হক মোবাইলে বলেন, এখন চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহুর্তে আরো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ওমর ফারুক বলেন, এই ঘটনায় আমরা কড়াপ্রতিবাদপত্র পাঠিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলসহ বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন রয়েছে।

তিনি আরো বলেন, ভারতীয় বিএসএফ ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেড়েছি। এতে দুই নাগরিকসহ একজন বিজিবি সদস্য আহত হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.