হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মহীনদের মাঝে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। আরও ত্রাণ চায় কর্মহীনরা। খাদ্য সংকটে অনেকে অনাহারে –অর্ধাহারে দিনাতিপাত করছে। একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে উপজেলার পরিসর। কমপক্ষে ৮ লাখ লোকের বসবাস এই উপজেলায়। এর মধ্যে কর্মহীন কমপক্ষে ২ লাখ মানুষ।
অথচ ত্রাণ বিতরণ করা হয়েছে মাত্র ৬০ মেট্রিক টন চাল এবং ২ লাখ টাকা। যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। করোনার প্রকোপ ছড়িয়ে পড়ায় রিক্সা, ভ্যান, অটোবাইক, কামার, কুমার, তাঁতী, রাজমিস্ত্রী, কাঁঠমিস্ত্রী, গরু ব্যবসায়ী, জেলে, খুচরা, পাইকারি ব্যবসায়ী, দিন মজুরসহ বিভিন্ন পেশার মানুষজন কর্মহীন হয়ে পড়েছে।
গত ২ সপ্তাহ ধরে নিম্ন আয়ের মানুষজন কর্মহীন হয়ে পড়ায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। দহবন্দ ইউনিয়নের ভ্যান চালক খোরশেদ মিয়া জানান, গত ২ সপ্তাহ ধরে বাড়িতে বসে আছি। এ পর্যন্ত কেউ ত্রাণ দেয়নি। রোজগার না থাকায় পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। কঞ্চিবাড়ি ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার জানান এ পর্যন্ত তার ইউনিয়নে ২০০ জন কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। যা একবারেই অপ্রতুল।
উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান জানান, এ পর্যন্ত ৬০ মেট্রিক টন চাল এবং ২ লাখ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের নিকট ত্রাণ সামগ্রীর বরাদ্দ বাড়ানোর জন্য চাহিদাপত্র দেয়া হয়েছে। বরাদ্দ পেলে বিতরণ করা হবে।