
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ স্মরণকালের ভয়াবহ বন্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক হাজার ৮শ’ ৩৫ হেক্টর জমির ২২ কোটি টাকার ফসল বিনষ্ট হয়েছে। যার কারণে চরা লের কৃষকরা সব কিছু হারিয়ে মাথায় হাত দিয়ে বসেছে। অসময়ে এ ক্ষতি পুষিয়ে নেয়া অসম্ভব হয়ে দাড়িয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে- চলতি বছর একটানা মাস ব্যাপী বন্যায় ২৮ হাজার ৮শ’ ৪০ জন কৃষকের আক্রান্ত ফসলি জমির পরিমাণ ২ হাজার ২শ’ ৪০ হেক্টর। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ ফসলি জমির পরিমাণ ৫শ’ ৮০ হেক্টর। এতে আমন বীজতলা ১০০ হেক্টর, রোপা আমন ৩শ’ ২০ হেক্টর এবং শাক সবজি ১শ’ ৬০ হেক্টর। আংশিক ক্ষতিগ্রস্থ ফসলি জমির পরিমান এক হাজার ৬শ’ ৬০ হেক্টর। আংশিক ক্ষতিগ্রস্থ ফসলি জমি সম্পূর্ণ ক্ষতিতে রূপান্তের পরিমাণ দাড়িয়েছে এক হাজার ২শ’ ৫৫ হেক্টরে।
বন্যায় ক্ষতিগ্রস্থ ফসলি জমির উৎপাদনকৃত ফসলের মূল্যে দাড়িয়েছে ২১ কোটি ৬৬ লাখ ৯০ হাজার।বেলকা ইউনিয়নের তালুক বেলকা চরের কৃষক রেজাউল আলম জানান- আমার তিন বিঘা জমির ফসল সম্পূর্ণরুপে ক্ষতিগ্রস্থ হয়েছে। পানি নেমে গেছে কিন্তু অসময়ে বীজ না থাকায় চাষাবাদ করা যাচ্ছে না।
উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ মো: ফজলে এলাহী জানান- বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় ফসলের ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। তিনি বলেন ইতিমধ্যে ৭৫ জন কৃষকের মাঝে বীজ ও চারা বিতরণ করা হয়েছে।