সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেসরকারি শিশু উন্নয়ন সংস্থার (শিউস) শিক্ষালয়ের শিশুদের মাঝে বিনামূলে বই বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামধন মাওয়াবাড়ি শিউস শিক্ষালয়ে প্রাক-প্রাথমিক ও শিশু শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন সংস্থাটির সভাপতি ড. মোঃ শফিউল ইসলাম ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন সংস্থাটির সাধারণ সম্পাদক রওশন আলম, সহ-সভাপতি এম এ রশিদ, শিউস শিক্ষালয়ের শিক্ষক লতা আক্তার, পারুল বেগম, লাইলী বেগম, রমিচা বেগম প্রমূখ।
গুণগত মান সম্পন্ন প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষে ঝরে পড়া, শ্রমজীবি, অমনোযোগী, পিতা-মাতা হারা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে প্রতিষ্ঠিত শিউস শিক্ষালয়। সংস্থাটির নিজ উদ্যোগে উপজেলার বামনডাঙ্গা ও সবানন্দ ইউনিয়নে ৫টি প্রতিষ্ঠান চালু করে।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে রামধন মাওয়াবাড়ি শিউস শিক্ষালয়, রামধন শিউস শিক্ষালয়, বলরাম শিউস শিক্ষালয়, ফলগাছা শিউস শিক্ষালয় ও মতিন বাজার শিউস শিক্ষালয়। ২০১৯ সালের ১ জানুয়ারি হতে শিউস শিক্ষালয় ৫টি কার্যক্রম শুরু করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানে ৩০ জন করে শিক্ষার্থী রয়েছে।
সংস্থাটির সভাপতি ড. মোঃ শফিউল ইসলাম ভূঁইয়া জানান, শিক্ষার্থীদের দোর গোড়ায় গিয়ে আধুনিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সংস্থাটির লক্ষ্য উদ্দেশ্য।