সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ ও তাঁদের শপথকে কেন্দ্র করে আইনজীবীদের দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার সুপ্রিম কোর্ট জাজেজ লাউঞ্জে তিন আইনজীবীর শপথ ঘিরে আওয়ামী লীগপন্থী ও বিএনপিপন্থী আইনজীবীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
পরে সংবাদ সম্মেলন করে বিএনপিপন্থী আইনজীবীরা। এসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন অভিযোগ করেন যে, নতুন আইনজীবীদের নিয়োগের মাধ্যমে বিচারবিভাগের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। রাজনৈতিক বিবেচনায় তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
জয়নুল আবেদীন জানান, তিন বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবে না বিএনপিপন্থী আইনজীবীরা।
এর আগে আজ সকালে শপথ নিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া তিন বিচারপতি। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথ বাক্য পাঠ করান।
নবনিযুক্ত তিন বিচারপতি হচ্ছেন- বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো.নূরুজ্জামান।
সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল ড. জাকির হোসেনের পরিচালনায় শপথ অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল সোমবার হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ নিয়ে আপিল বিভাগে এখন বিচারপতির সংখ্যা হলো সাতজন।