সুপ্রিম কোর্ট গার্ডেনে লতিফুরের জানাজা সম্পন্ন

0

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি লতিফুর রহমানের জানাজা আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট গার্ডেনে সম্পন্ন হয়েছে। জানাজায় সাবেক চার প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, বিচারপতি কে এম হাসান, বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফসহ উভয় বিভাগের বিচারপতি, জ্যেষ্ঠ আইনজীবীরা অংশ নেন।

পরিবারের পক্ষ থেকে বিচারপতি লতিফুর রহমানের ভাই আমিনুর রহমান জানাজায় অংশ নেন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানাজায় উপস্থিত ছিলেন। জানাজা শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট আইনজীবী তার কফিনে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।

এরপর আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুল হুদা জানান, বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে বিচারপতি লতিফুর রহমানের দাফন সম্পন্ন হবে। মঙ্গলবার সকালে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিচারপতি লতিফুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বেলা ১১টার পর আপিল বিভাগ ও দুপুরের পর হাইকোর্ট বিভাগের বিচারপতিরা এজলাসে বসেননি। ১৯৩৬ সালের ০১ মার্চ যশোর শহরে জন্মগ্রহণ করেন লতিফুর রহমান। ১৯৬০ সালের ১২ মার্চ তিনি ঢাকা হাইকোর্টে আইনজীবী হিসেবে অন্তর্ভূক্ত হন।

১৯৭৯ সালের ০১ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগে অস্থায়ী বিচারপতি হিসেবে এবং ১৯৮১ সালের নভেম্বরের মাঝামাঝি সময়ে স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। ১৯৯০ সালের ১৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ২০০০ সালের ১ জানুয়ারি বাংলাদেশের দশম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন লতিফুর রহমান। প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেন ২০০১ সালের ২৮ ফেব্রুয়ারি। ওই বছরের ১৫ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। মৃত্যুকালে স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.