দেশবরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।মঙ্গলবার রাষ্ট্রপতি এক শোকবার্তায় প্রয়াত শিল্পী সুবীর নন্দীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শিল্পীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি।
শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, সুবীর নন্দীর মৃত্যু বাংলাদেশের সংগীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।
প্রসঙ্গত বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন একুশে পদকপ্রাপ্ত এ জনপ্রিয় শিল্পী মারা যান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার মেয়ে ফাল্গুনী নন্দী।
পারিবারিক সূত্র জানায়, উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে সিঙ্গাপুর নেয়ার দুদিন পর সুবীর নন্দীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও পরে অবনতি হতে থাকে। সিঙ্গাপুরে চিকিৎসা চলাকালীন পরপর তিনবার হৃদরোগে আক্রান্ত হন তিনি।
এ ছাড়া ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়ও একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।
এর আগে গত ১৪ এপ্রিল রাতে পরিবারসহ সিলেট থেকে ফিরছিলেন সুবীর নন্দী। উত্তরার কাছাকাছি আসতেই হঠাৎ তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাধ্য হয়ে তাকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেয়া হয়।